রাণীনগরে গ্রামে গ্রামে চলছে কৃষকদের নিয়ে উঠান বৈঠক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:১১

রাণীনগরে গ্রামে গ্রামে চলছে কৃষকদের নিয়ে উঠান বৈঠক। কৃষকদের মাঝে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিগুলো পৌঁছে দেয়ার লক্ষে অনুষ্ঠিত হচ্ছে মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ। কৃষকরা এই সব আধুনিক কৃষি প্রযুক্তিগুলো প্রয়োগ ও ব্যবহার করে অল্প পরিশ্রমে, কম খরচে ও বিষমুক্ত দ্বিগুণ পরিমাণ ফসল উৎপাদন করেত পারবেন।

এতে করে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি ভাবে দেশের কৃষিখাত আরো শক্তিশালী হবে। সেই লক্ষ্যে কৃষি বিভাগ সব সময় কৃষকদের জন্য পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিগুলো উদ্ভাবন ও পরামর্শ প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলিয়া গ্রামে শতাধিক কৃষক ও কৃষানীদের নিয়ে মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে চলতি আমন মৌসুমে উৎপাদিত আমন ধান থেকে কিভাবে বীজ উৎপাদন করা যায়, কিভাবে বীজগুলো সংরক্ষণ করে রাখলে গুণগতমান ভালো থাকবে, কোন ধরনের ধানগুলোকে বীজ হিসেবে সংরক্ষণ করে রাখা যাবে, কখন এই বীজগুলো বিতরণ ও জমিতে রোপণ করা যাবে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে করে কৃষি বিভাগের পরামর্শ অনুসারে কৃষকরা বীজ সংরক্ষণ করতে পারলে উন্নতমানের এই ভালো বীজ থেকে কৃষকরা আগামীতে ভালো ফলন পাবে বলে আশাবাদী কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠক ও কৃষি প্রশিক্ষণে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেলসহ স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। এসময় কৃষক ও কৃষানী ছাড়াও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

ইত্তেফাক/আরকেজি