ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সেবাখাতের রপ্তানিতে বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। আলোচ্য সময়ে সেবা রপ্তানি বেড়েছে একই সময়ের চেয়ে ৫৬ দশমিক ৪৬ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়েও বেড়েছে প্রায় ১৭ শতাংশ। সেবাখাতের রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হওয়ায় তা পুরো রপ্তানিতে প্রবৃদ্ধি বাড়াতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল সোয়া ১৭ শতাংশ। কিন্তু এর সঙ্গে প্রায় সাড়ে ৫৬ শতাংশ হারে সেবা রপ্তানির পরিসংখ্যান যুক্ত হওয়ায় সার্বিক রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশের উপরে।
গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশ বিশ্বব্যাপী ১৯৪ কোটি ৮২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ সেবা রপ্তানি করেছে। গত ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে এই সেবা রপ্তানির পরিমাণ ছিল ১২৪ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। অর্থাত্ চলতি অর্থবছরের চার মাসে সেবাখাতের রপ্তানি বেড়েছে ৭০ কোটি ডলার বা ৫ হাজার ৭৬৫ কোটি টাকার সমপরিমাণ।
সেবাখাত যুক্ত হওয়ার পর গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সার্বিক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০২ কোটি ডলারে। গত অর্থবছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল এক হাজার ৫৮১ কোটি ডলার।
এক সময় সেবাখাতের রপ্তানি সার্বিক রপ্তানির মধ্যে হিসাবভুক্ত হতো না। কিছু সেবা প্রচ্ছন্ন হিসেবে পণ্য রপ্তানিতে হিসাবভুক্ত হতো। তবে গত অর্থবছর থেকে এটি হিসাবভুক্ত হচ্ছে। ফলে সার্বিক রপ্তানি বেশি দেখা যাচ্ছে। গত অর্থবছর প্রায় ৪৩৪ কোটি ডলারের সমপরিমাণ সেবা রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি বছর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫শ’ কোটি ডলারের। চার মাসের রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ সেবাখাতের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া পণ্য রপ্তানি ৩ হাজার ৯শ’ কোটি ডলার যুক্ত হয়ে সার্বিক রপ্তানির লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৪ হাজার ৪শ’ কোটি ডলার।
অর্থবছরের প্রথম চার মাসে এসব সেবার প্রায় সব খাতেই রপ্তানি বেড়েছে। এরমধ্যে নির্মাণ সেবা রপ্তানি বেড়েছে প্রায় ২০৮ শতাংশ, পরিবহন প্রায় ৬৪ শতাংশ, ভ্রমণ সাড়ে তিন শতাংশ, টেলিযোগাযোগ ও তথ্য সেবা ২১ শতাংশ, সাংস্কৃতিক ও বিনোদন ৭৩ শতাংশ, সরকারি পণ্য ও সেবা ৭০ শতাংশ এবং অন্যান্য বাণিজ্যিক সেবা ৭৩ শতাংশ বেড়েছে।
