ইত্তেফাক রিপোর্ট
২০১৬ সালে রপ্তানি বাণিজ্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৩৭ ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি, রপ্তানি) নির্বাচন করেছে সরকার। এ ছাড়া সিআইপি (বাণিজ্য) নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের ৪১ পরিচালক। আজ মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে টিসিবি ভবনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা হিসেবে সিআইপি কার্ড তুলে দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সিআইপি নীতিমালা অনুসারে, ২০১৬ সালের জন্য ১৯ খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিক পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রপ্তানি পণ্য।
সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস, ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন ইস্যু করা হবে। এ ছাড়া তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিত্সার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি (রপ্তানি) কার্ডের আওতায় এক বছর ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পাবেন। বাণিজ্য সংগঠনে পদ বহাল থাকা বা পরবর্তী সিআইপি ঘোষণার আগ পর্যন্ত সুবিধা পাবেন সিআইপি (বাণিজ্য) নির্বাচিত ব্যক্তিরা।
