ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ

কৃষকরা পাচ্ছেন বিশেষ সুবিধা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের গুরুত্ব বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খেলাপি ঋণ পুনঃতফসিল ও নতুন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্বল্পমেয়াদি কৃষিঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্র বিশেষে বিনা ডাউন পেমেন্টেও এ ধরনের ঋণ পুনঃতফসিল করা যাবে। শুধু তাই নয়, ঋণ পুনঃতফসিলের পর পুনরায় নতুন করে কৃষকদের স্বল্পমেয়াদি কৃষিঋণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কোনো জমা ছাড়াই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ প্রদান করতে হবে। এছাড়া মামলা চলাকালীন  গ্রাহকের সঙ্গে সমঝোতার মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন ও নিষ্পত্তিপূর্বক ঋণ পুনঃতফসিল করা যাবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এসব সুবিধা বলবত্ থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিভিন্ন সময়ে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টিসহ নানা কারণে দেশের কৃষকেরা ফসল উত্পাদন ও আহরণে সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিদ্যমান প্রজ্ঞাপনের আওতায় ইতিপূর্বে যে সকল কৃষক ঋণ পুন:তফসিলের সুবিধা গ্রহণ করেছেন তারা বর্ধিত সময়েও ঋণের অর্থ পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। ফলশ্রুতিতে এ খাতের পুনঃতফসিল হওয়া ঋণের একটি বড় অংশ পুনরায় বিরূপভাবে শ্রেণিকৃত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে গ্রামীণ কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়ে সার্বিকভাবে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পুনঃতফসিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।