জবাফুলের গায়ে সেদিন রক্ত জমেছিল
লাল থেকে লালের সারাত্সারে রক্তের গন্ধ,
অতঃপর পথভোলা সূর্যটার ঘুম ভেঙে
আকাশে লাল সবুজ পতাকা হাতে গর্জে ওঠে!
সেই তো বিজয় পেয়েছি।
খুব আদিত্যের ইতিহাস নয়,
তবুও কাঁচা প্রজন্মের কাছে গল্প মাত্র,
দৃষ্টিস্পর্শ হয়নি সেই স্বৈরশহর,
করতে পারেনি ভ্রুকুটি।
গ্রন্থে গ্রন্থে জেনেছে ইতিহাস
আমার বুকের বাগানে লালিত সেসব লাশ
কচি চারার গোড়ায় ঢেলেছি রক্ত
আজও সুপ্তিগহিনে অঙ্কুর হয় কর্কশ দৃশ্য।
প্রতিটি ঘুম ভাঙলে সেই সূর্যটা দেখি
দেখি লাল সবুজ পতাকা হাতে তার তেজ,
এই তেজেই বাষ্পীয় হয় সুপ্তিস্বপ্নের সব ঘাম।
