দিগন্ত ছোঁয়া ফ্রিজের ঢাকনা খুলেছে প্রকৃতির চাবি
হিমায়িত বরফের সঞ্চিত হিমেলের ব্যাপ্তি আদিগন্ত
শিশিরমোড়া মশারি আবৃত আকাশের নিচে সমান্তরাল
দেখা যায়—ধরা যায় না—মিশে যায়!
চোখের পাতা ভ্রু শিশির প্রলেপে পিউপিল হিম
দৃষ্টিসীমার আলো আবছা—অন্ধকার আরো গাঢ় অন্ধকার
সকাল মেলার আগে দুপুর এসে যায়—সন্ধের আগে সন্ধে নামে
হিম হিম শুভ্র আভা রশ্মিতে জমাট বাঁধে রাত্রি
পাতা চুইয়ে বিন্দু বিন্দু শিশিরধ্বনি বাজে
হিমাচল-সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল দীর্ঘপথ পাড়ি দিয়ে
তীব্র শীতের কবল থেকে বাঁচতে পালকে মাখা সূদুরের তুষার শীত ঝেড়ে
উষ্ণতার চাদরে বিচরণ অতিথি পাখির প্রিয় এই বাংলায়
মানুষ ও প্রাণীকুলের তাপ পোহানো শীতের অস্তিত্ব ও অবয়ব ।
