একবার এসো

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮

একবার এ বারান্দা ঘুরে যেও

আমের আচারের সৌরভমাখা সকালবেলায় একবার ঘুরে যেও

এ বারান্দায় প্রেমের মৌসুম বারোমাস

এ বারন্দায় পিঁপড়ের গান বারোমাস

হলদে গোলাপ, অর্কিডের সারি সারি টব

এ বারান্দায় বারোমাস

এ বারান্দায় চড়ুই, শালিক বারোমাস

সংসার পাতে, ভেঙে যায় আবার নতুন জোড়াও উড়ে আসে

এ বারান্দায় বারোমাস।

 

একবার পাড়া মহল্লার ফেরিওয়ালা হয়ে ঘুরে যেও

এ বারান্দায়

এ বারান্দায় বৈকালিক আড্ডায় আসেন সত্যজিত্, ইবনে বতুতা, কামাল পাশা... বারোমাস

এ বারান্দায় হাওয়া বয় উষ্ণ অভ্যর্থনায় বারোমাস

এখানে ঘাসফড়িংয়ের অভিমান লিপিবদ্ধ হয় গানের

খাতায়

এখানে অভিরামপুর, আজমেরিগঞ্জ, কাবেরিতলার বিদগ্ধ কবিগণ করেন গীত-উত্সব।

 

প্রায়শই রৌদ্রস্নাত সকালে পা ছড়িয়ে বসে থাকে অবসর

এ বারান্দায়

এ বারান্দায় প্রায়শই মেথি দানা ছড়িয়ে ছিটিয়ে খায় যুগ পুরনো লোকেরা

অতি উজ্জ্বল নক্ষত্র নেমে এলে বারান্দা আলোকিত করেন

রবীন্দ্রনাথ

আলোকের ঝরনাতলার নির্জনতায় কবি থাকেন নিমগ্ন

বারোমাস।

 

একবার এ বারান্দা ঘুরে যেও

যেকোনো অবসরে একদিন

এ বারান্দায় করো জোছনাবিলাস...