পুতুল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৯

একটা পুতুল আছে আমার

নরম কাদামাটিতে

গড়ছি আমি যতন করে

আমার মনের মতোন করে

পুতুলটা আজ একটু বড়ো

দুধ খেয়েছে বাটিতে।

 

সারাটাদিন ঘুমায় এবং

রাত্রি হলেই জাগে যে

হাত-পা নেড়ে খেলতে থাকে

পা দিয়ে সব ফেলতে থাকে

কাপড়জামা ভেজায়, ভেজাক—

প্রচুর আছে লাগেজে।

 

পুতুলটারও বোল ফুটেছে

কত্ত কথা বলে সে

করে মা মা দাদা দাদা

বোলগুলো সব আধাআধা

‘বাবা’ যেদিন ডাকল চোখে

আনন্দে যায় জল এসে!

 

আজকে প্রথম হাঁটল পুতুল

দুই পা যেতেই পড়ে সে

পড়ল আবার উঠল দেখি

বাবার দিকেই ছুটল দেখি

বাড়িয়ে দেওয়া বাবার হাতের

কড়ে আঙুল ধরে সে!