তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করেছে মার্কিন কর্মকর্তারা। এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে আলোচনার জন্য দেশটির রাজধানী কাবুলে পৌঁছেছেন প্রধান মার্কিন মধ্যস্থতাকারী জালমায় খালিজাদ।
দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। এ বছরের সেপ্টেম্বরে উভয়পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন ট্রাম্প। তবে সম্প্রতি দুই পক্ষের বন্দি বিনিময়ের পর চুক্তি নিয়ে নতুন করে আশা দেখা দেয়। জ্যেষ্ঠ তালেবান কমান্ডাররা জানিয়েছেন, গত সপ্তাহে কাতারে মার্কিন আলোচকদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক শুরু হয়েছে।
এদিকে মার্কিন মধ্যস্থতাকারী জালমায় খালিজাদ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করতে কাবুল পৌঁছেছেন। পররাষ্ট্র দপ্তর জানায়, সেখান থেকে তিনি কাতারে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সম্প্রতি আশরাফ ঘানির আহ্বানের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরও যুদ্ধবিরতির পক্ষে কথা বলেন। তবে তালেবান সব সময় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
