ঈদগড়ের কিশোরী উখিয়ায় উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উপজেলার ঈদগড় পাইন্যাইশ্যা ঘোনা গ্রামের স্কুলছাত্রী কানিজ ফাতিমা লিজাকে (১৬) রবিবার উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার দুপুর ২টার দিকে দাদির বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে লিজা আর ফেরেনি। পাবনা নাঙ্গলমোরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে লিজার প্রেমের সম্পর্ক ছিল। 

লিজার বাবা মঞ্জুর আলম জানান, মেয়েকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মোবাইল কলের সূত্র ধরে উখিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে উখিয়া থানা পুলিশ হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী ভাড়া বাসা থেকে প্রেমিক যুগলকে আটক করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, আল আমিনকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত কিশোরী অপহরণের অভিযোগে তিন মাসের সাজা দিয়ে লিজাকে বাবার জিম্মায় দেওয়া হয়।

মানবপাচারকারী গ্রেফতার

সাগর পথে মালয়েশিয়ায় মানবপাচার করার দায়ে তালিকাভুক্ত মানবপাচার মামলার আসামি মঞ্জুর আলমকে সোমবার ইনানী থেকে গ্রেফতার করে পুলিশ। মঞ্জুর জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফিরবিল গ্রামের আব্দুস ছালামের ছেলে।

উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ শাহ আলম জানান, তার বিরুদ্ধে সাগর পথে মানবপাচারসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচার মামলার শীর্ষ আসামি মঞ্জুর আলমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।