লুসি হল্টের ৮৮তম জন্মদিন পালন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

বরিশাল অফিস

স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখা দ্বৈত নাগরিক হেলেন ফ্রান্সিস লুসি হল্টের ৮৮তম জন্মদিন পালন করা হয়েছে। বিজয় দিবসের দিন বরিশাল নগরীর অক্সফোর্ড মিশনে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন। নিজ হাতে কেক খাইয়ে দেন লুসি হল্টকে, খোঁজ নেন শারীরিক অবস্থার। এতে দারুণ খুশি হন লুসি হল্ট। পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে লুসি বলেন, অহিংসা আর মানব সেবাই পারে সমাজের শান্তি আনতে। তার জন্মদিনকে কেউ মনে রেখেছেন, এটি তার জন্য বেশ আনন্দের- বলেন লুসি।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের ডিসি মোয়াজ্জেম হোসেন ভূঞা, সহকারী কমিশনার রাসেল আহম্মেদ এবং স্টাফ অফিসার জাহিদ হাসান, অক্সফোর্ড মিশনের ব্রাদার জন হালদার। ২০১৭ সালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে লুসি হল্টকে সংবর্ধিত করেন তত্কালীন পুলিশের কমিশনার এস.এম রুহুল আমিন। ১৬ ডিসেম্বর ২০১৮ ছিল লুসি হল্টের ৮৮তম জন্মদিন। যিনি কিনা প্রায় ষাট বছর ধরে মানব সেবা করে যাচ্ছেন এদেশে। নীরবে ভূমিকা রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে। ৭১’র যুদ্ধের সময় বহির্বিশ্বে চিঠি লিখে জনমত গড়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। লুসির প্রত্যাশা ছিল বাংলাদেশের নাগরিকত্ব আর মৃত্যুর পর যেন তাকে কবরস্থ করা হয় বাংলার মাটি-বরিশালেই। এই নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে আলোচনার ঝড় উঠে লুসি হল্টকে নিয়ে। অক্সফোর্ড মিশনের ব্রাদার জন হালদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে পূরণ হয় লুসির বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তি।