জগন্নাথপুরে দোকানের ভেতর গলাকেটে ব্যবসায়ীকে খুন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৭

জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেটের বাসস্ট্যান্ড সংলগ্ন কামাল কমিউনিটি সেন্টারে থাকা একটি তালাবদ্ধ স্টুডিও দোকান থেকে বৃহস্পতিবার রাতে আনন্দ সরকার (২৩) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। রাত ৮টায় সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে দোকানের ভেতরে থেকে লেপ দিয়ে মুড়ানো এবং গলায় মাফলার দিয়ে ঢেকে রাখা নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখেন।

ঘটনাস্থলে থাকা নিহতের বড়ো ভাই জীবন সরকার জানান, আনন্দ সরকার জগন্নাথপুরে একা থেকেই নিজস্ব স্টুডিও দিয়ে ব্যবসা করে আসছিল। সোমবার রাত থেকে তার মোবাইল ফোন টানা বন্ধ পেয়ে বৃহস্পতিবার সকালে মা জ্যোছনা রানী সরকারসহ নেত্রকোনা থেকে জগন্নাথপুরে এসে ভাইয়ের স্টুডিওতে গিয়ে দেখি বাইরে থেকে তালা। কোথাও কোনো সন্ধান না পেয়ে পুনরায় স্টুডিওতে আসলে সন্দেহের সৃষ্টি হয়। পরে জগন্নাথপুর থানায় গিয়ে এ বিষয়ে সাধারণ ডায়েরি দায়ের করি।

বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলের আশপাশে নারী-পুরুষদের ভিড় দেখা যায়। নিহতের মা জ্যোছনা রানী সরকারের আহাজারীতে সেখানে করুণ দৃশ্যের অবতারণা ঘটে।

জানা যায়, নিহত আনন্দ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বটতলী গ্রামের সুণীল চন্দ সরকারের ছেলে। সে ৫ বছর ধরে জগন্নাথপুর উপজেলায় স্টুডিও ব্যবসার সঙ্গে জড়িত।  জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ইত্তেফাককে জানান, আনন্দ সরকারকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং খুনিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।