বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার পৃথক ঘটনায় বসতবাড়ি, দোকান, গোডাউনসহ খড়ের পালায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক সংবাদদাতাগণঃ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে।

গত রবিবার রাতে উক্ত গ্রামের আব্দুল জব্বারের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়লে গোটা বাড়িতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ৫টি টিনসেড ঘর, ধান, চাল, আসবাবপত্র নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 শিবচর (মাদারীপুর) : শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার গভীররাতে উপজেলার কুতুবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে গার্মেন্টস,  টেইলার্স, হার্ডওয়ার, ফার্মেসিসহ ১৩টি  দোকানঘর পুড়ে ছাই হয়ে  যায়। এতে নগদ টাকা, বিভিন্ন মালামালসহ আগুনে পুড়ে প্রায় এক  কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পলাশ (নরসিংদী) : পলাশের ঘোড়াশাল পৌর এলাকার  ঘোড়া চত্বরে ১টি মার্কেটে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওহাব (৬০) নামে এক কর্মচারী আগুনে দগ্ধ হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাবের শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে  গেছে বলে জানিয়েছেন চিকিত্সক। রবিবার রাত সাড়ে ১২টায় দেলোয়ার হোসেনের মালিকানাধীন স্ক্রাবের গোডাউনে আগুন লাগলে ১১টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুন বারী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, প্রাণ আরএফএল এর ১টি ইউনিট, নরসিংদী ১টি ইউনিট এবং গাজীপুরের কালীগঞ্জের ১টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোডাউনের মালপত্র পুড়ে যায়। তবে তাত্ক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি তিনি।

মোরেলগঞ্জ (বাগেরহাট): মোরেলগঞ্জ বাজারের আবারো কাপুড়িয়াপট্টিতে গত রবিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের আরো দুই-তিনটি দোকান। সরেজমিনে জানা গেছে, কাপুড়িয়াপট্টি রোডের ব্যবসায়ী বাদশা তালুকদারের মামুন টেইলার্সের দোকানের শর্ট সার্কিট  থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড তার দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। এ ভয়াবহ অগ্নিকাণ্ড পার্শ্ববর্তী রুম্মান মৃধার তাছমিয়া ক্লথ স্টোরে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে তিনটার দিকে ত্রিশাল বাজারের গো-হাটা মোড়ে এলাকার রউফ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলেও পরে বৈদ্যুতিক তারে আগুন লেগে তা ভয়াবহ আকার ধারণ করে। দোকানের মালিক আব্দুর রউফ জানান, অগ্নিকাণ্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নন্দীগ্রাম (বগুড়া): নন্দীগ্রামে একই রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন কৃষকের ১৯টি খড়ের পালা পুড়ে গেছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের তেঘরী পূর্বপাড়া ও বিজয়ঘট গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগী কৃষকদের দাবি।

স্থানীয় সূত্রে  জানা গেছে, একই সাথে এতগুলো খড়ের পালায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ। নন্দীগ্রাম থানায় খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং শেরপুর ও বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে বগুড়া ও  শেরপুর ফায়ার স্টেশনের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।