রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
পুলিশের ট্রলারের সঙ্গে জেলে ট্রলারের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ কনস্টেবল মো. ফিরোজ খানের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ বরিশালের উজিরপুর থানার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার কনস্টেবল ছিলেন। রবিবার রাতে ওই নদীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কলাপাড়া ও রাঙ্গাবালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন বলেন, পুলিশের তিন সদস্যের একটি দল মাদক উদ্ধার অভিযানে গিয়ে ফেরার পথে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই পুলিশ সদস্য আহত অবস্থায় তীরে আসলেও ফিরোজকে তখন পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিসহ আমরা ফিরোজের লাশ উদ্ধার করি।
