পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে দ্বন্দ্ব মিটিয়ে নৌকার প্রচারণায় ব্যস্ত রয়েছেন আওয়ামী লীগ নেতারা।
এই আসনে দীর্ঘদিন যাবত্ বিবাদমান গ্রুপিংয়ের শিকার ছিল তৃণমূলের আওয়ামী লীগ। মামলা পাল্টা মামলাসহ নিজেদের স্ব স্ব প্রভাব প্রতিষ্ঠিত করতে গ্রুপিংয়ে জর্জরিত হয়ে পড়ে দলটি। ফলে বিভিন্ন সময় দলের অনেক প্রভাবশালী নেতার আগমন ঘটিয়ে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করেন কোণঠাসা নেতাকর্মীরা। তাতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নেতাকর্মীদের কর্মকাণ্ড ঘিরে বিতর্কিত অবস্থানে গিয়ে দাঁড়ায় দলটি। কিন্তু বর্তমান মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জমান বাবুর স্বচ্ছ নেতৃত্বে উপজেলা দুটির দলীয় ভাবমূর্তি ফিরে এসেছে। এতে দলটির অঙ্গ সংগঠনসহ বর্তমান এবং সাবেক সংসদ সদস্য ও ড. মশিয়ুর রহমান অনুসারীরা নৌকার বিজয়ের শপথ নিয়ে মাঠে নেমেছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে উঠোন ও ঘরোয়া বৈঠক।
বর্তমান সংসদ সদস্য শেখ মোঃ নুরুল হক গ্রুপের প্রভাবশালী নেতা হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা, ড. মশিয়ুর পন্থি নেতা ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার এবং কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আঃ রাজ্জাক রাজু বলেন, জননেত্রী শেখ হাসিনার নিখুঁত দক্ষতার কারণে ও সিদ্ধান্তে তিনিই এলাকার খোঁজ-খবর নিয়ে চলমান গ্রুপিংয়ের অবসান ঘটিয়েছেন। এখন যাকে নৌকার মাঝি বানিয়েছেন তাকে নিয়েই কাজ করবো আমরা সকল পর্যায়ের নেতাকর্মীরা।
