চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় যুবলীগ নেতার উপর ঐক্যফ্রন্ট প্রার্থীর সমর্থিত নেতাকর্মীদের হামলার ঘটনায় জেএসডি প্রার্থীসহ বিএনপি ও এলডিপি’র ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদের মধ্যে চান্দিনা পৌরসভার সাবেক মেয়রও রয়েছেন। সোমবার কুমিল্লা আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
আসামি পক্ষের কৌশলী অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিংকু জানান, শনিবার বিকালে উপজেলার ফতেহপুর এলাকায় দু পক্ষের সংঘর্ষে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহত হয়। ওই ঘটনায় তার ভাই সালাউদ্দিন বাদী হয়ে ৩৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার পুলিশ তিনজনকে আটক করে আদালত হাজির করে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সোমবার একই মামলার ১৯জন আসামি ৭নং আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী তাদের মধ্যে দুজনের জামিন মঞ্জুর করলেও ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
