কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা-১০ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামে মনিরুল হক চৌধুরীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস কান্না জড়িত কণ্ঠে বলেন, বিজয়ের মাসেও কারাগারে বন্দি নানান রোগে আক্রান্ত হয়ে জীবন সংকটাপন্ন একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ অবস্থার জন্য আমরা কার কাছে বিচার চাইব। তিনি অভিযোগ করে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মিথ্যা ও গায়েবী মামলায় আমার বাবা গত ২৪ অক্টোবর থেকে কারাগারে বন্দি। নানান জটিল রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে, যে কোনো সময় তিনি মারাও যেতে পারেন। এর বিচারটা আমরা কার কাছে চাইব, জবাব কে দেবে। তিনি বলেন, এখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে নামতে পারছেন না, শ্লোগান দিতে পারছেন না। ধানের শীষের পক্ষে যারা মাঠে নামেন তাদের নাম-ঠিকানা খুঁজে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে।
এসময় তিনি রাজনৈতিক অবস্থার ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে ন্যায় বিচার এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সময়-সুযোগ ও আইনানুগ অধিকার নিশ্চিত করে অবিলম্বে তার বাবার মুক্তিসহ লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।
সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত এবং দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
