সাতক্ষীরার তালায় ৭২০টি নকল স্বর্ণের পয়সাসহ ২জন প্রতারককে আটক করেছে র্যাব-৬। আটককৃতরা হলো সাতক্ষীরা সদরের কাশেম সরদারের পুত্র আজগর আলী সরদার (৪৫) ও খুলনার কয়রা উপজেলার তেঁতুলডাঙ্গা গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে আনারুল সরদার (৪২)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে এএসপি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা বাজারে অবস্থান করছিল। এ সময় তারা জানতে পারেন যে, উপজেলার তৈলকূপী গ্রামের সাধুখা পাড়ার মোঃ শফিকুল ইসলামের বাড়ির সামনে কতিপয় ব্যক্তি তামার পয়সা সাদৃশ্য বস্তুকে স্বর্ণের পয়সা বলে ক্রয়-বিক্রয় করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে ৭২০টি নকল স্বর্ণের পয়সা, ২টি মোবাইল ফোন এবং ৩টি সিমকার্ড পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার র্যাবের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি

