সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

বালিয়াকান্দিতে আয়-বৃদ্ধিমূলক কাজের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা  রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে ৪ দিনব্যাপী আয় বৃদ্ধিমূলক কাজের দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া খাল পাবসস কার্যালয়ে ক্ষুদ্রাকর পানিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (জাইকা) এর সহযোগিতায় প্রাণিসম্পদ, শাক-সবজি ও মত্স্য বিষয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রকৌশলী সজল দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম উপস্থিত ছিলেন। ঠাকুর নওপাড়া খাল পাবসস লিমিটেডের উপকারভোগী ৩০ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

বটিয়াঘাটায় সেরা মেধাবীদের সংবর্ধনা

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা উপজেলায় সেরাদের সেরা এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিজয় দিবসে সনদপত্র ও দৈনিক ইত্তেফাক পত্রিকা তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দেবশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় গাঙ্গুলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণচন্দ্র মণ্ডল, সেরাদের সেরা নির্বাচনী অভিক্ষার উদ্যোক্তা শিক্ষক প্রভাস চন্দ্র রায়, গৌরচন্দ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, শিক্ষক ও মুক্তিযোদ্ধাবৃন্দ। সভায় প্রধান অতিথি বলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকায় সেরাদের সেরা নির্বাচনী অভিক্ষার সংবাদ প্রচার করায় শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। প্রধান অতিথি এ সময় ১৬ ডিসেম্বর প্রকাশিত দেড় শতাধিক ইত্তেফাক পত্রিকা শিক্ষার্থীসহ বিভিন্ন জনের হাতে তুলে দেন।

ঈশ্বরগঞ্জে দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিত্সা সেবা প্রদান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা মহান বিজয় দিবস উপলক্ষে হামদার্দ ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে দুস্থ অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিত্সা সেবা প্রদান করা হয়। রবিবার উপজেলার নতুন বাজারস্থ হামদার্দ কার্যালয়ে আগত প্রায় শতাধিক দুস্থ অসহায় রোগীদের মাঝে ওষুধ বিতরণ ও চিকিত্সা সেবা প্রদান করেন ডাঃ হাকিম আরিফুল আহাদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ শাখা ব্যস্থাপক নূর আলম, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, রতন ভৌমিক প্রমুখ।

মধুখালীতে সিপিবি’র আলোচনা সভা ও র্যালি

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা রবিবার বিকালে মধুখালীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সিপিবি’র আয়োজনে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সভায় সিপিবির উপজেলা সভাপতি মো. কেরামত আলী লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ কুতুবুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, বীরমুক্তিযোদ্ধা শিক্ষক হারুন আর রশীদ, হাজি আব্দুল মালেক সিকদার, নওশেরুল আলম, কৃঞ্চ লাল পাল, মো. খলিলুর রহমান  প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধরে রাখতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান।

তালায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা মহান বিজয় দিবস উপলক্ষে তালা উপজেলার গোপালপুর গ্রামে ডাঃ মিঠুন কুমার হালদারের নিজস্ব উদ্যোগে গরিব অসহায় দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিত্সা সেবা, পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর সকাল থেকে তিন দিনব্যাপী শতাধিক রোগীকে  বিনামূল্য ওষুধ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।