আল সানি
—সারাদিন গার্লফ্রেন্ডের কোনো খোঁজ নেই। হঠাত্ কোনো একটা বন্ধু মোবাইলে কল দেবে, তখনই গার্লফ্রেন্ড কল দিয়ে দেখবে কল ওয়েটিং। ব্যস! হয়ে গেল। মোবাইল কেন ওয়েটিং ছিল, সেই কৈফিয়ত দিতে দিতেই দিন শেষ।
—প্রতিদিন নিয়মিত ক্লাসে আসেন আপনি, স্যার আসেন ৫/১০ মিনিট পর। কোনো এক কারণে একদিন আপনি ৫/১০ মিনিট দেরি করে এলেন। সেদিনই দেখবেন স্যার টাইমলি চলে এসেছে। আর আপনার অ্যাটেন্ডেন্স মিস।
—ক্যান্টিনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিচ্ছেন, মাত্র ২/৩ জন বন্ধুবান্ধব থাকবে। যেই কিনা খাবারের অর্ডার দেবেন, কোত্থেকে যেন ৫-৭ জন এসে হাজির হবে।
—পরীক্ষার জন্য সব পড়ে গেছেন। মাঝেমধ্যে দু-একটা বাদ দিয়েছেন কম ইম্পরট্যান্ট সেজন্য, দুর্ঘটনাবশত পরীক্ষায় বাদ দেওয়া প্রশ্নটাই সবার আসবে এবং ঐদিন সবচেয়ে কড়া স্যার গার্ডে থাকবে।
—শপিং করতে গিয়ে যখন কোনো ড্রেস বা জুতা পছন্দ করে কিনে ফেলবেন। পরে ফেরার পথে দেখবেন পাশের দোকানে আরো সুন্দর ড্রেস বা জুতা ছিল।
—বন্ধুদের সাথে যে ট্যুরটা মিস দেবেন, ওই ট্যুরটাই জীবনের সেরা ট্যুর ছিল, এ রকম গল্প বাকি বন্ধুদের কাছে আগামী ১ মাস ধরে শোনা লাগবে।
—মোবাইল বা ল্যাপটপ কেনার পরের সপ্তাহেই দেখবেন ব্যাপক ছাড় বা ক্যাশব্যাক অফার দিচ্ছে।
—আকাশে মেঘ। প্রতিদিন ছাতা নিয়ে বের হন। কিন্তু বৃষ্টির কোনো বালাই নেই। ঠিক যেদিন বৃষ্টি হবে না মনে করে ছাতা নিয়ে বের হবেন না, ঐদিনই আপনাকে বৃষ্টিতে ভিজতে হবে।
—মাসের শেষের দিকে যখন আপনার হাতে টাকা থাকে না, ঠিক তখনই দেখবেন আপনার পেটটা কাচ্চি বিরিয়ানি খাবার জন্য চোঁ চোঁ করছে।
ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়
