আলু বেচে খালুজান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৭

  শচীন্দ্র নাথ গাইন

 

পিছন দিকে চুল খাঁড়া তার

সামনে এসে ঢালু

ঢাকা বলে যায় না বোঝা

টেকো মাথার তালু

হেলেদুলে পা ফেলে সে

ভাবখানা তার টালু

বাক্যালাপে খুব মনে হয়

ভীষণ রকম চালু।

 

রঙটা গায়ের ধবধবে, তাও

সবাই বলে কালু

নানাজানের ভাইঝি দেওয়া

আমরা ডাকি খালু

বেচে না সে আগের মতো

ইট-খোয়া আর বালু

মূল্য বাড়ায় সেসব রেখে  

বেচছে পেঁয়াজ-আলু।

চাঁচড়া, যশোর