অশান্তি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮

  আরাফাত শাহীন

 

বউটি আমার ভীষণ জেদি কথায় কথায় রাগ করে

পান থেকে চুন খসলে পরেই শোয়ার খাটও ভাগ করে।

আপনারা কন, এখন আমি বিচার দেব কার কাছে?

আমায় নিয়ে খুঁতখুঁতানি—মনের অসুখ তার আছে।

 

সামান্যতেই রাগ করে সে চলেই যাবে ব্যাগ নিয়ে

আমি তখন বললে কিছু বসিয়ে রাখে ‘র্যাগ’ দিয়ে।

বউয়ের কাছে অসহায়ে যাচ্ছে কেটে রাত্রি-দিন

মাঝে মাঝে ইচ্ছে জাগে কাউকে বলি ‘পাত্রী’ দিন।

 

সেদিন রাতে কী যে হলো ভাবখানা তার পাগলাটে

আমি ভীষণ ভয় পেয়েছি পারব তাকে আগলাতে!

রাগের চোটে আমার মাথায় বালিশ ছুড়ে মারল সে

চোখেমুখে আঁধার দেখি করতে এটা পারল সে!

 

‘কী হয়েছে?’ প্রশ্ন করি—জবাবে তার নেই সাড়া

চিত্কারে তার হঠাত্ করেই জেগে ওঠে এই পাড়া।

রাত দুপুরে কান্নাকাটি কারুর বলুন ভাল্লাগে?

অশান্তি আর ভাল্লাগে না সুখের দেখা ‘আল্লা’ দে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়