হামীম রায়হান
সেন্টু ভাই পড়েছেন এক ঝামেলায়। ভোর সকালে তার ঘুম ভেঙে যায়। কিন্তু তার বউ কোনোভাবেই সকাল ৮টার আগে ঘুম থেকে ওঠে না। এত ডাকাডাকি, টানাটানি কোনো কিছুতেই কাজ হয় না। কখনো আদর করে ডাকেন, কখনো রাগ করে, আবার কখনো ঝগড়ার চূড়ান্ত মুড নিয়ে ডাকেন। কিন্তু কে শুনে কার কথা! বউ তো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। সেন্টু ভাই চিন্তায় পড়লেন, কীভাবে বউয়ের ঘুম ভাঙানো যায়। কোনো উপায় মাথায় আসছে না। হঠাত্ ‘ইউরেকা! ইউরেকা!’ বলে লাফিয়ে উঠলেন।
পরদিন সকাল সকাল যথারীতি ঘুম ভেঙে যায় সেন্টু ভাইয়ের। উঠে তার পুরোনো হারমোনিয়ামটা বের করলেন। ভালোভাবে মুছে শুরু করলেন গান। ‘সা... রে... গা... মা...!’ হারমোনিয়ামের ভাঙা সুর আর ভাইয়ের ফাটা গলার আওয়াজে আশপাশের মানুষ তো দূরের কথা, কোনো পশুপাখি, কীটপতঙ্গও থাকতে পারবে না। ঔষধে সাংঘাতিকভাবে কাজ করল। বউ ভূতে ধরার মতো করে উঠে পড়লেন সঙ্গে সঙ্গে।
সেন্টু ভাই মনে মনে ভাবলেন, ‘ছোটবেলায় বন্ধুরা যে কণ্ঠের গান শুনে হাসাহাসি করত, তা আজ ঘুম তাড়ানোর থেরাপি হিসেবে কাজে লাগবে, তা কে জানত!’
ঠিকানাবিহীন
