শেখ হাসিনা আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করবেন আজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার আজ মঙ্গলবার ঘোষণা করবে আওয়ামী লীগ। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টায় ইশতেহার তুলে ধরবেন। জানা গেছে, এবারের ইশতেহারের মূল স্লোগান হচ্ছে: ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। এতে ২১টি বিশেষ অঙ্গীকার করা হয়েছে। এসব অঙ্গীকারের মধ্যে দুটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। এগুলো হলো: ১. আমার গ্রাম-আমার শহর-শিরোনামে অঙ্গীকারে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেওয়ার রূপরেখা তুলে ধরা হবে। ২. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি এই শিরোনামে করা অঙ্গীকারে তরুণ ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থানের নিশ্চয়তার কথা বলা হয়েছে। এছাড়া আরো যেসব অঙ্গীকার করা হয়েছে এর মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ; নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশুকল্যাণ; পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা; সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল; মেগা প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন; গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা; সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি; দারিদ্র্য নির্মূল; সব স্তরে শিক্ষার মান বৃদ্ধি; নিরাপদ সড়কের নিশ্চয়তা; সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতি; সর্বস্তরের মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; নিরাপদ সড়কের নিশ্চয়তা; প্রবীণ কল্যাণ কর্মসূচি প্রভৃতি। সূত্র জানায়, ইশতেহারের শুরুতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলের অর্জন তুলে ধরা হয়েছে। এটাকে ‘গৌরবোজ্জ্বল পাঁচ বছর’ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণের সুবর্ণ সময় বলে উল্লেখ করা হয়েছে। এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরের চিত্র তুলে ধরা হয়েছে। এ সময়টাকে লুণ্ঠন, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিরোধকাল হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়ান ইলেভেন পরবর্তী সময়কালকে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এ থেকে উত্তরণের সময়কাল হিসেবে অভিহিত করা হয়।