‘বিএনপি-জামায়াতকে হটিয়ে মহাজোটকে বিজয়ী করুন’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

বিএনপি-জামায়াত অশুভ শক্তিকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। গতকাল শাহবাগ চত্বরে স্থাপিত বিজয়মঞ্চ থেকে এ আহ্বান জানানো হয়। ‘আমার ভোট আমি দেবো, মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’— এ স্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় ১৪ দল গঠিত বিজয় মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী স্থাপিত বিজয়মঞ্চের কর্মসূচি শুরু হয়েছে।

বিজয়মঞ্চে আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন বিজয়মঞ্চ’র আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য প্রদান করেন- বিজয়মঞ্চ-এর সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী।

রামেন্দু মজুমদার বলেন, স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে এসে যখন দেশে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয় তারপরেও আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তির উত্থান। এই অপশক্তিকে রুখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।

গোলাম কুদ্দছ বলেন, তথাকথিত নিরপেক্ষ ব্যক্তিদের আড়ালে মৌলবাদী শক্তি বিএনপি ও জামায়াত প্রতিষ্ঠিত হতে চাইছে। এই অশুভ শক্তিকে রুখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিকল্প নেই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা গানে কবিতায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান। দলীয় সঙ্গীত পরিবেশন করে- নিবেদন, গণআজাদী লীগ সাংস্কৃতিক দল। বাউল সঙ্গীত পরিবেশন করে- দেলোয়ার ও সোনিয়া। দলীয় আবৃত্তি পরিবেশন করে- ত্রিলোক বাচিক পাঠশালা, বৈকুণ্ঠ। দলীয় নৃত্য পরিবেশন করে-নৃত্যাক্ষ। একক সঙ্গীত পরিবেশনায়- ফকির আলমগীর, শেখ মিলন, বিশ্বজিত্ রায়, সন্দিপন, সঞ্জয় কবিরাজ, আসিফ ইকবাল সৌরভ। একক আবৃত্তি পরিবেশন করেন- ডালি আহমেদ, আহসান উল্লাহ তমাল।