ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট এলাকার সিংপাড়ার লোকসংখ্যা প্রায় দশ হাজার। শহরের প্রধান সড়ক থেকে এই মহল্লায় প্রবেশের রাস্তাটি ‘রাখাল ডাক্তার সড়ক’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরিভাবে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না, কারণ ঐ রাস্তায় কোনো অ্যাম্বুল্যান্স যেতে পারে না। কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়িও এই মহল্লায় ঢুকতে পারে না। এমনকি এই রাস্তা দিয়ে রিকশা, ভ্যান বা ইজিবাইক চলাচলেও অসুবিধা সৃষ্টি হয়। রাস্তার পাশ দিয়ে যে ড্রেন রয়েছে তাও দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তাটি ময়লা পানিতে ডুবে যায়। তখন এই মহল্লার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। এই রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসী অসংখ্যবার স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন। কয়েক মাস আগে মহল্লার নারীরা সম্মিলিতভাবে পৌরসভার মেয়র মহোদয়কে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন জানান। কিন্তু শুধু আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এভাবেই বছরে পর বছর ধরে রাস্তাটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় এই মহল্লায় বসবাসকারীদের দুর্ভোগের শেষ নেই। কবে পৌর কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতের উদ্যোগ নেবেন, সেই দিনের অপেক্ষায় সাধারণ মানুষ আশায় দিন গুনছেন।
বিপ্লব বিশ্বাস
গোয়ালচামট, ফরিদপুর
