পিনাকি দাসগুপ্ত
সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন চলছিল। মেহমানদের খাওয়ার পর কিশোরী দিশারীর ( ছদ্মনাম) হাতে মেহেদি লাগানো হচ্ছিল। এমন সময় সেখানে হাজির হয় পুলিশ। ‘৯৯৯’ এ ফোন কল পেয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। বাল্যবিয়ে থেকে রক্ষা পায় ১৩ বছরের ওই কিশোরী। শুধু দিশারী নয়, গত এক বছরে ‘৯৯৯’-এ ফোন কলের মাধ্যমে সারাদেশে প্রায় ১২ শ (১১৮৯) বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। শুধু বাল্যবিয়েই নয়, শব্দদূষণ, মাদকদ্রব্য সম্পর্কিতসহ আরও অনেক সেবা পেয়েছেন বহু মানুষ।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, ২০১৭ সালে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এটির বর্তমান নিয়ন্ত্রণ কক্ষ রাজধানীর আবদুল গনি রোডে (পুলিশ কন্ট্রোল রুম)। সেখানে একটি ফ্লোরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ৩৩টি কলার টেকার রয়েছে। এটা একশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে পুলিশের। মানুষের ব্যাপক সাড়া পড়ায় পুলিশ আরও আন্তরিক হয়ে সেবা দিতে আগ্রহ দেখাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রমের জন্য আলাদা ভবন ও ব্যারাক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
কখন কল করবেন?
কেউ যখন কোনো অপরাধ ঘটতে দেখবেন, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, কেউ কোনো দুর্ঘটনায় পড়লে, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, কারও জরুরিভাবে অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার যা বলেন
জরুরি জাতীয় সেবা ৯৯৯-এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) তবারক উল্লাহ বলেন, ৯৯৯ সার্ভিস সফল প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। বাংলাদেশ পুলিশের অনেক ইউনিট আছে। কিন্তু এ ইউনিট শুরুতেই অনেক সফলতা অর্জন করেছে। তিনি বলেন, মানুষ শুধু কল দিয়ে সেবা পাবে, এমনটা কল্পনা করতে পারে না? কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপট একটু বিবেচনায় নিলে দেখা যাবে, যেখানে থানায় গিয়ে একজন মানুষকে একটা জিডি করতে অনেক সময় ব্যয় করতে হয়, সেখানে একটা ফোনকল করার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে হাজির হবে। এটি কিন্তু আমাদের নাগরিকরা আগে প্রত্যাশা করতে পারেনি, সেই প্রত্যাশা কেউ করেও না। তাই আমরা চেষ্টা করছি যতো তাড়াতাড়ি দেশের মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়াতে পারি বা তাকে আমরা সাহায্য করতে পারি।
