জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনধি রাবাব ফতিমার পরিচয়পত্র পেশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা গত শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর আগে গত ২৯ নভেম্বর স্থায়ী মিশনের দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রদূত ফাতিমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। রাবাব ফাতিমা হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের পঞ্চদশ স্থায়ী প্রতিনিধি। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, পরিচয়পত্র পেশকালে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় মহাসচিব গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। স্পেনের মাদ্রিদে সদ্য সমাপ্ত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কপ-২৫ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করেন। স্থায়ী প্রতিনিধি ঢাকায় ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মহাসচিবকে আমন্ত্রণ জানান। পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা ১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন।