রাজধানীতে ওয়াসার কাজের সময় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৫৯

রাজধানীর আগারগাঁওয়ে ওয়াসার কাজ করার সময় গ্যাস লাইন থেকে আগুন লেগে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় ওই এলাকার ৬০ ফিট রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, জোনায়েদ (২২), নিলু (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)। তাদের মধ্যে তিনজনের গ্রামের বাড়ি পাবনায়, একজনের ময়মনসিংহে। তারা আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকেন।

জানা গেছে, ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে রাত সোয়া ৯ টায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যায়। বর্তমানে চার জনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘চার শ্রমিক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাতে-পায়ে ও মুখমন্ডল দগ্ধ হয়েছে।’

ইত্তেফাক/এএএম