পেনসাকোলায় হামলা: ‘গুলি করে গণহত্যার ভিডিও’ দেখায় বন্দুকধারী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:১০

যুক্তরাষ্ট্রের পেনসাকোলা নৌঘাঁটিতে সৌদি প্রশিক্ষণার্থী এক নাবিক গুলি চালিয়ে হত্যা করে ৩ জনকে। মার্কিন গণমাধ্যম জানায়, গুলি চালিয়ে হত্যা করার আগের সপ্তাহে খাবারের টেবিলে সতীর্থদের ‘নির্বিচারে গুলি করে হত্যা’-র একটি ভিডিও দেখান হামলাকারী সৌদি নাবিক মুহাম্মাদ আলশামরানি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে প্রশিক্ষণের জন্য আসা অপর সৌদি নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনায় নিহত হওয়া তিন নাবিক সম্পর্কে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘সেই ভয়ংকর মুহূর্ত মুকাবিলায় তারা বীরত্বের পরিচয় দিয়েছে।’ এ ঘটনায় নিহত তিনজন হলেন জোসুয়া ক্যালেব ওয়াটসন (২৩), মোহাম্মদ সামেহ হাইথাম (১৯) এবং ক্যামেরুন স্কট ওয়াল্টার (২১)।

এ ঘটনায় অপর সৌদি প্রশিক্ষণার্থীদের জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের বিরুদ্ধে কোন অভিযোগ আরোপ করা হয়নি।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, নৌঘাঁটিতে হওয়া হামলার তদন্তের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সপ্তাহে হামলাকারী তার সতীর্থদের একটি ভিডিও দেখায়, যেখানে বন্দুক দিয়ে গুলি করে গণহত্যা চালানো হচ্ছিল।

অন্যদিকে হামলাকারী এই সৌদি নাবিক আলশামরানির ছবি ও নাম ব্যবহার করে টুইটার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট করা হয় বন্দুক হামলার আগে। এখনও তদন্ত কার্যক্রম চলায় হামলার মূল উদ্দেশ্য নেয় কোন মন্তব্য করেনি তদন্তকারী দল। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের বিষয়টি মাথায় রেখে বেশ গোপনে চলছে তদন্ত কার্যক্রম।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার পর ফ্লোরিডার পেনসাকোলায় 'নেভাল এয়ার স্টেশন' নামের নৌঘাঁটিতে এক বন্দুকধারী হামলা করে। এর পরেই ঘাঁটির দুইটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশের পাশাপাশি এটিএফ ও এফবিআই ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে কাউন্টি শেরিফ সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়। বিবিসি।

ইত্তেফাক/আরএ