মিস ইউনিভার্স-২০১৮ এর মুকুট উঠেছে ফিলিপাইনের ক্যাটরিওনা এলিসা ম্যাগনায়েন গ্রের মাথায়। মিস দক্ষিণ আফ্রিকা ও মিস ভেনিজুয়েলাকে হারিয়ে মুকুট জয় করেন অস্ট্রেলিয়ার বংশোদ্ভুত এলিসা গ্রে। থাইল্যান্ডের ব্যাংককে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় স্পেনের তৃতীয় লিঙ্গের মিস ইউনিভার্স অ্যাঙ্গেলা পোন্সে অংশ নিলেও ২০ জনের মধ্যে আসতে পারেননি। এই প্রথম তৃতীয় লিঙ্গের কেউ মিস ইউনিভার্সে অংশ নেওয়ার সুযোগ পেলেন। খবর ডেইলি মেইল ও সিএনএনের
সোমবার ২৪ বছর বয়সী গ্রের মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার দেমি লেই- নেল-পিটার্স। বস্তিতে কাজ করায় গ্রের প্রশংসা করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গ্রে বলেছেন, ম্যানিলার বস্তিতে কাজ করে তিনি কঠিন পরিস্থিতির মধ্যেও সৌন্দর্য খুঁজতে শিখেছেন। ৬৭তম মিস ইউনির্ভার্সে ৯০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন তিনি। ৯৩টি দেশের প্রতিযোগী এতে অংশ নেন। মিউজিক থিওরির ছাত্র গ্রে বলেন, তিনি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে নেতিবাচক কিছু থাকবে না। শিশুদের মুখে কেবল হাঁসি থাকবে। সরাসরি সমপ্রচার করা অনুষ্ঠানে প্রতিযোগীদের গণমাধ্যমের স্বাধীনতা, গাজার বৈধতা, শরণার্থী এবং মি টু আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেন আমেরিকান কৌতুক অভিনেতা ও টিভি উপস্থাপক স্টিভ হার্ভে এবং সুপারমডেল অ্যাশলে গ্রাহাম। দক্ষিণ আফ্রিকার ট্যামারিন গ্রিন রানার্সআপ এবং তৃতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা স্টেফানি গুটরেজ।
গ্রের বাবা একজন অস্ট্রেলীয় এবং মা ফিলিপিনো। গ্রে অস্ট্রেলিয়ায় বেড়ে উঠলেও পরে ম্যানিলায় চলে যান এবং সেখানে মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেন। গত তিন বছরের মধ্যে তিনি মুকুট জেতা দ্বিতীয় ফিলিপিনো। এর আগে ফিলিপাইন ২০১৫, ১৯৬৯ এবং ১৯৭৩ সালে মিস ইউনিভার্স মুকুট জয় করে। ক্যাটরিওনার জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছে ফিলিপাইনের মানুষ। বিশ্বে দেশের সৌন্দর্য ও আভিজাত্য তুলে ধরে জয়ী ক্যাটরিওনাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
