ভাণ্ডারিয়ায় দোকানে চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

গ্রেফতার ২

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় দোকানে চুরির অপবাদে শিশু রাকিব (৯) এবং হূদয় (১১)কে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

নির্যাতনকারী খলিলুর রহমান ও মেহেদী হাসানকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রাকিব ৬ নম্বর পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং হূদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশুপুত্র রাকিব এবং রুবেল বয়াতির ছেলে হূদয়কে একই এলাকার খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসান দোকানে চুরির অভিযোগে গাছে বেঁধে বর্বরযুগীয় কায়দায় নির্যাতন করে। এতে তারা গুরুতর আহত হলে ভাণ্ডারিয়া হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় রাকিবের মা রাশিদা বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অভিযুক্ত ঐ দুই ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, রাকিবের মায়ের দায়ের করা মামলায় খলিলুর রহমান ও মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।