সাভারে বাস উল্টে মা মেয়ের মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৪

সাভারে একটি যাত্রীবাহী বাস উল্টে ওই বাসের নিচে চাপা পড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২০ যাত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের চন্দ্রা থেকে সাভার যাচ্ছিল। বাসটি মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছলে সড়কের গতিরোধক বিটের কারণে ড্রাইভার হঠাত্ বাসটির ব্রেক চাপেন। দ্রুতগতিতে থাকা বাসটি হঠাত্ ব্রেক করার কারণে সেটি মহাসড়কের উপর উল্টে যায়। এ সময় ওই বাসের একজন মহিলা যাত্রী ও তার কোলে থাকা মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও অন্তত ২০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চিকিত্সার বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। বাস উল্টে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।

২৫ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ২৫ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে পৌরসভাধীন শিমুলতলা এলাকা থেকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশের উপ-সহকারী পরিদর্শক  আমিমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে  গাঁজাসহ  ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।