সোনারগাঁওয়ে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের দিনভর গণসংযোগ, পথসভা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৮

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন। তিনি রবিবার দিনভর ও গতকাল সোমবার উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি কাঁচপুর চেঙ্গাইন, সুখেরটেক দক্ষিণপাড়া, জনতা বাজার, বাঘরি, কাঁচপুর শিল্প নগরী বিসিক মাঠসহ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় আজহার ইসলাম মান্নান বলেন, হামলা-মামলাকে আমি ও আমার নেতাকর্মীরা ভয় করি না। অতীতের ন্যায় আমি আপনাদের পাশে যেভাবে ছিলাম নির্বাচিত হলেও আমি আগের মতোই আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ আগামী ৩০ তারিখ বিকালে জনগণের ভোটে রায় নিয়ে গণতন্ত্রকে মুক্ত করে আরেকটি বিজয় ছিনিয়ে আনব। আপনারা ভোটের দিন সকাল থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমি ও আমার দল আপনাদের আগামী ৫ বছর পাহারা দেব। কোনো হুমকি-ধমকি দিয়ে আমাকে ধানের শীষের প্রচার থেকে দূরে রাখা যাবে না। আমরা নির্বাচনকে গণতন্ত্রের জন্য ভোট যুদ্ধ হিসাবে নিয়ে মাঠে নেমেছি। ইনশাল্লাহ ভোট যুদ্ধে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

পথসভায় ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, সাধারণ সম্পাদক মোমেন খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ ।