নিজের সংসারে অসুস্থ বড় বোন বোঝা, তাই স্ত্রীকে খুশি করতে বড় বোনকে পিটিয়ে হত্যা করলো ছোট ভাই। পৈশাচিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের কালাপাটুয়া গ্রামে। সোমবার দুপুরে নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বোনকে হত্যার অভিযোগে ভাই নজরুল ইসলাম ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মইনউদ্দিন। নিহত আছিয়া বিবি (৫০) কলাপাটুয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আরমান মোল্লা জানা, আছিয়া দীর্ঘ ১৬ বছর ঘর-সংসার করার পর শরীরের একাংশ অবশ হয়ে গেলে স্বামী তাকে ডিভোর্স দেয়। সে প্রায় ১৫ বছর আগের কথা। এরপর আছিয়ার ঠাঁই হয় বাবার বাড়িতে। তিন ভাইয়ের মধ্যে অসুস্থ বড় বোনের দায়িত্ব নেয় ছোট ভাই নজরুল। কিন্তু এরপর তার নিজের সংসারে শুরু হয় অশান্তি। বোনকে কেন্দ্র করে স্ত্রী হোসনে আরার সঙ্গে নজরুলের প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন পর পরই ঝগড়া করে হোসনে আরা বাবার বাড়ি চলে যেতো। ঘটনার দুইদিন আগেও স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরে আবার ফিরে আসে। রবিবার দুপুরে নজরুলের স্ত্রীর রান্না করা খাবার ভাই-বোন মিলে খায়। আর এ নিয়ে স্ত্রীর সাথে তার আবারও ঝগড়া হয়। এরপরই তার বোন খুন হন। পরদিন সন্ধ্যায় আছিয়া বিবির হত্যার বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ছোট ভাই নজরুল ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ আবুবকর মিয়া জানান, বোনকে হত্যার ব্যাপারে প্রাথমিকভাবে নজরুল স্বীকারোক্তি দিয়েছে। স্ত্রীকে খুশি করতে বোনকে কাঠের পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে সে। সে কারণেই নিহতের থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। আটক নজরুলকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধারা নৌকার জন্য ভোট চাইবেন
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বর্তমান সরকার এ দেশের মুক্তিযোদ্ধা, তাদের পরিবারকে যে সম্মান দিয়েছেন, সে হিসেবে আমার বিশ্বাস আওয়ামী লীগের জন্য মুক্তিযোদ্ধাদের কাছে ভোট চাইতে হবে না। বরং মুক্তিযোদ্ধারাই আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার নৌকার জন্য মানুষের কাছে ভোট চাইবেন। তিনি রবিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপির জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠন করতে সহযোগিতা করতে অনুরোধ জানান।
