ওয়াসার স্যুয়ারেজ লাইন বুড়িগঙ্গা থেকে সরাতে হবে :হাইকোর্ট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

বুড়িগঙ্গা নদীতে পড়া ঢাকা ওয়াসার সকল স্যুয়ারেজ লাইন সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে সরকারি ঐ সেবা সংস্থাকে স্যুয়ারেজ লাইনগুলো সরাতে বলা হয়েছে। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওয়াসার করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানান রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ।

এদিকে বুড়িগঙ্গায় ওয়াসার কোনো স্যুয়ারেজ লাইন পতিত হয়নি মর্মে ১৮ জুন যে অসত্য তথ্য সম্বলিত এফিডেভিট দেওয়া হয়েছিল তার জন্য হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আদালত বলেছে, স্যুয়ারেজ লাইন সরানোর ওপর নির্ভর করে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বুড়িগঙ্গার দুই তীরে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান এবং যেসব শিল্প প্রতিষ্ঠান থেকে বর্জ্য বুড়িগঙ্গায় পড়ছে সেসব প্রতিষ্ঠান আগামী এক মাসের মধ্যে বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ওয়াসার পক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকটে উম্মে সালমা। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট   আমাতুল করিম।