আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গাজীপুর মহানগরীর ১ ও ২ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করছেন গাজীপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি সোমবার বিকেলে কাশিমপুরের ভবানীপুর বটতলা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, সারা দেশে নৌকার গণ-জোয়ার উঠেছে। নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা উন্নয়নের মার্কা। তাই আগামী ৩০ তারিখের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানাই।
আওয়ামী লীগ নেতা এম এ হালিমের সভাপতিত্বে প্রচারণা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মণ্ডল, অধ্যাপক আশরাফুল আলম আসকর, আনোয়ার হোসেন প্রমুখ।
যক্ষ্মা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা সোমবার সকালে জেলা শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা কমিটি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক। নাটাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হাতেম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটাব সভাপতি ডা. মোঃ রুহুল ফোরকান সিদ্দিক, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
