পক্ষপাতিত্বের অভিযোগ

কাপাসিয়া থানার ওসির প্রত্যাহার দাবি করলেন বিএনপি প্রার্থী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৪২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান নির্বাচনী প্রচার শুরুর পর থেকে হামলা, মামলা, প্রচার কাজে বাধা, পোস্টারে আগুন, বাড়ি বাড়ি গিয়ে নেতা-কর্মীদের হুমকি-ধমকির প্রতিবাদে এবং কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা সদরের সাফাইশ্রীর অস্থায়ী দলীয় কার্যালয়ে গতকাল সোমবার সকাল ১১ টায় কাপাসিয়া তিনি লিখিত বক্তব্যে এ দাবি জানান।

রিয়াজুল হান্নান সাংবাদিকদের জানান, গত ১০ ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই ধানের শীষের প্রচারণাকালে তার নেতাকর্মীদের উপর স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে মারধর করছে, মাইক ভাংচুর ও আটক করে রাখছে এবং পোস্টার ছিঁড়ে ও পুড়ে ফেলছে। উপজেলার বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদের ভয়ভীতি, প্রচারণায় বাধা ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এসকল বিষয়ে বারবার থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি। এমনকি গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারে প্রচারণা চালানোর সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়ে তিনিসহ অন্তত ১০/১২ জন বিএনপি নেতাকর্মী আহত হন। উক্ত হামলার প্রতিকার চেয়ে তিনি সশরীরে হাজির হয়ে অভিযোগ দাখিল করা সত্ত্বেও থানার ওসি অভিযোগ আমলে নেয়নি বলে তার অভিযোগ। উপরন্তু আজগুবি ও কাল্পনিক ঘটনা সাজিয়ে গত ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর পৃথক ৩ টি মামলায় বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন সেলিমসহ কেন্দ্র ভিত্তিক সম্ভাব্য নির্বাচনী এজেন্ট ও শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করছে।

কাপাসিয়া থানার বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছেন বলে তিনি দাবি করেন। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে গতকাল সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গাজীপুর বরাবরে কাপাসিয়া থানার ওসিকে প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।