জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। উল্লেখ্য, এটাই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রথম সূচি।
৪০ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ মাতাতে ঢাকায় পা রাখেন জনপ্রিয় বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাস খেরেরা। এছাড়া দেশি তারকাদের মধ্যে আছেন মমতাজ, জেমসসহ আরো অনেকে। পাঁচ ঘণ্টা দীর্ঘ এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা। প্রধানমন্ত্রীর আগমনের আগেই কনসার্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবির তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছে। পুরো স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণিলভাবে। সব মিলিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সাতটি দলের অংশগ্রহণে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’। দলগুলো হচ্ছে :ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়রস। বিসিবি নিজের তত্ত্বাবধানে এবারের আসরের দলগুলো পরিচালনা করছে। ১১ ডিসেম্বর মিরপুরে চট্টগ্রাম ও সিলেট এবং সন্ধ্যায় কুমিল্লা ও রংপুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসরের লড়াই।
গতকালের অনুষ্ঠানের শুরুতে পারফর্ম করেন ‘ডি-রকস্টার’ তারকা মঈদুল ইসলাম খান শুভ। এরপর একে একে দর্শক মাতাতে মঞ্চে আসেন রেশমি মির্জা ও ব্যান্ড কিংবদন্তি জেমস। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী সবাইকে বঙ্গবন্ধু বিপিএল সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। তিনি আসরের উদ্বোধন ঘোষণা করার পর কিছুক্ষণ চলে আতশবাজি। এই পর্যায়ে জেমসের বাকি পারফরম্যান্স শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মঞ্চে ওঠেন ভারতীয় সংগীত তারকা সনু নিগম। তার পরিবেশনা শেষে কিছুক্ষণ চলে লেজার লাইট শো। রাত ৮টা ৫৫ মিনিটে গান পরিবেশন করেন ভারতীয় সংগীত তারকা কৈলাস খের। কৈলাসের পরিবেশনা শেষে মঞ্চে আসেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর ঠিক পরেই মঞ্চে আসেন মূল আকর্ষণ বলিউড ‘ভাইজান’ সালমান খান। একক পরিবেশনা শেষে ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে তার দ্বৈত পরিবেশনার মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।
