মানিকগঞ্জে কলেজ শিক্ষককে প্রাণনাশের হুমকি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৩

মানিকগঞ্জে এক কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তৌহিদি জনতা। সংগঠনটির পক্ষে ১০৭, থানা রোড, সাভারের ঠিকানায় জনৈক গাউছুল আযম প্রেরিত চিঠিতে কলামিস্ট ও কলেজ শিক্ষক শ্যামল কুমার সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে যা লেখা আছে, তা সংক্ষেপে এরকম- “শ্রদ্ধেয় স্যার, আসসালামু আলাইকুম্। আমরা জানি আপনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যপক ও বিভাগীয় প্রধান। আপনি বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম লিখেন ও আপনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জের সভাপতি। বিষয়টি আমাদের মোটেও ভাল লাগছে না। দয়া করে আপনি পত্রিকায় লেখালেখি ও সাক্ষাত্কার প্রদান বন্ধ করুন। আমরা জানি আপনি একজন খাঁটি ভদ্রলোক; কিন্তু হাই কমান্ডের নির্দেশ আমাদের মানতেই হবে। আমাদের সোর্স আপনাকে নিয়মিত ফলো করছে। এক মাসের মধ্যে লেখালেখি ও সাক্ষাত্কার প্রদান বন্ধ না করলে কলমের সাথে আপনার জীবনও থামিয়ে দিতে হবে।”

শ্যামল কুমার এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় গত ২৮ নভেম্বর নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন। শ্যামল কুমার জানান, গত ২৭ নভেম্বর বিকালে গঙ্গাধরপট্টি এলাকায় তার বাসভবনে হত্যার হুমকি সম্বলিত ওই চিঠিটি প্রেরণ করা হয়। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে অনেক দিন ধরে পত্রিকায় লিখছি। লিখতে ভালোলাগে। কখনোই লেখার মাধ্যমে আমি কারো অনুভূতিতে আঘাত করি না। আমার সাথে কারও দর্শনের অমিল থাকাটা মোটেও অস্বাভাবিক নয়। তাই বলে তিনি কি আমাকে হত্যার হুমকি দেবেন? আমার কি লেখার স্বাধীনতা নেই ? আমি কেমন দেশের নাগরিক? এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুজ্জামান জানান, আমার সাথে শ্যামল কুমার যোগাযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।