নেতাকর্মীদের থানা ঘেরাওয়ের নির্দেশ দিয়েছিলেন রনি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

হাজার হাজার মানুষ নিয়ে গলাচিপা থানা ঘেরাওয়ের নির্দেশ দিয়ে সেখানে অবস্থান নিতে বলেছেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি গোলাম মাওলা রনি। গলাচিপার স্থানীয় এক নেতাকে এমন নির্দেশ দেওয়ার ফোন আলাপ রবিবার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ফাঁস হয়েছে।

এই নির্দেশের কথা স্বীকার করে রনি জানান, তার স্ত্রীর গাড়িতে হামলার পর পুলিশ মামলা না নেওয়ায় তিনি নেতাকর্মীদের থানায় অবস্থান নিয়ে পুলিশকে মামলা নিতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। যদিও পুলিশ এরপরও মামলা নেয়নি।

শনিবার গলাচিপার এক নেতার সঙ্গে গোলাম মাওলা রনির কথোপকথন ফাঁস হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানসহ ওইদিন গলাচিপার একাধিক নেতাকে এভাবে থানা ঘেরাও করার নির্দেশ দিয়েছিলেন বলে গোলাম মাওলা রনি স্বীকার করেছেন।

শনিবার গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন্নাহার রুনু নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে তার গাড়িতে এ হামলা হয়। এ সময় তার ব্যবহূত মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। কয়েকজন কর্মী-সমর্থকও আহত হন।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘এ রকম একটি টেলিফোন আলাপের কথা আমরা শুনেছি। তবে এটা নিয়ে এখনও কোনও তদন্ত শুরু করিনি।