সাজের জন্য শীতকালই আদর্শ। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে মেকআপ ট্রেন্ড। যোগ হচ্ছে নিত্যনতুন রং। সবাই এখন মেকআপে উজ্জ্বল রঙের ব্যবহার করছে। সাথে চুলেও নানা রঙের খেলা দেখা যাচ্ছে। শুরু হয়েছে ডার্ক, গ্লিটার, গ্লসি ও স্মোকি মেকআপ ট্রেন্ড। মেকআপে শীতের উজ্জ্বল রঙের ব্যবহার নিয়ে এবারের মূলফিচার। লিখেছেন লোপা চৌধুরী
সবসময় পোশাকের সঙ্গে ত্বকের বিষয়টি খেয়াল রাখা উচিত। কেননা ত্বকের ওপর নির্ভর করে বাকি সাজ। তাই পোশাকের সঙ্গে এটা অনেক বেশি জরুরি। এ সময় কেমন মেকআপ হবে, সেটি খেয়াল রাখুন। পোশাকের সঙ্গে মেকআপ ঠিক রাখতে কী কী করবেন, সেটি নির্ভর করে সময়ের ওপর।
ময়েশ্চারাইজার
মেকআপ শুরুর আগে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। শুষ্ক ত্বকে অয়েল বেসড ময়েশ্চারাইজার, তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন ত্বকের টি জোনে অয়েল ফ্রি এবং বাকি অংশে অয়েল বেসড ময়েশ্চারাইজার লাগান।
সানস্ক্রিন
আপনি ফাউন্ডেশনের বিষয়টি না বুঝলে লাগিয়ে নিন সানস্ক্রিন।
ফাউন্ডেশন
শীতে ম্যাট ফিনিশের বদলে শাইন ফিনিশ এমন ফাউন্ডেশন বেশি কার্যকর। অনেকের ক্ষেত্রেই শীতে গায়ের রঙ ১-২ টোন উজ্জ্বল দেখায়। ফলে সামারে ব্যবহূত ফাউন্ডেশনের শেড ম্যাচ করে না এবং ডার্ক দেখায়। তাই শীতে স্কিন টোনের সঙ্গে শেড মিলিয়ে নেওয়া জরুরি।
কন্সিলার
ডার্ক সার্কেল, ব্রণের দাগ ও ডার্ক স্পট ঢাকতে বেছে নিন লিকুইড বা ক্রিম কন্সিলার।
কমপ্যাক্ট পাউডার
শীতে বেছে নিন একটু ভারী ধরনের ক্রিম কমপ্যাক্ট পাউডার, যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, অতিরিক্ত শুষ্ক করবে না।
আইশ্যাডো
শীতে চোখের সাজে বেছে নিন ফ্রস্টি, শিমারি আইশ্যাডো। স্মোকি লুক বেশ মানাবে শীতের রাতের পার্টিতে। আইশ্যাডোর আগে লাগান ক্রিম কন্সিলার ও আইপ্রাইমার। আইশ্যাডো দীর্ঘস্থায়ী করার পাশাপাশি এটি আর্দ্রতাও দেবে। স্মোকি মেকআপে কতটা বৈচিত্র্য আনা যায়, তা নিয়ে শুরু হয়েছে নানা এক্সপেরিমেন্ট। ব্ল্যাক বা ব্রাউনের বেড়াজাল ভেঙে আইব্রাও কালারেও লেগেছে নতুনত্ব। ব্যবহার করা হচ্ছে ডার্ক অলিভ, হেজেল অথবা ডিপ অ্যাশ।
ঠোঁটের সাজ
দামি সুন্দর লিপস্টিক পরলেন অথচ ঠোঁট শুষ্ক ও ফাটা। সে ক্ষেত্রে ভালো দেখাবে না একদমই। লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে ভালো মানের লিপবাম লাগান। লিপস্টিকের বদলে ব্যবহার করতে পারেন টিন্টেড লিপবাম আর লিপগ্লস। গাঢ়, হালকা, কালচে লালের সব ধরনের শেডকেই মনে করা হচ্ছে ডিপ উইন্টার কালার বলে। পাশাপাশি কফি, পার্পল ও অরেঞ্জ। তবে সত্যিকার অর্থে যদি প্যালেটের কথা চিন্তা করা হয়, তবে শীতে ঠোঁটের রং হওয়া চাই প্রকৃত রেড, রুবি ও বারগ্যান্ডি। ম্যাট লিপস্টিককে বিদায় জানিয়ে সেখানে জায়গা করে নিয়েছে গ্লসি, গ্লিটারি, শিমারি লিপস্টিক।
ব্লাশ-অন
ব্লাশ শীতের মেকআপের প্রধান আইটেম। শীতের ফ্যাকাশে ত্বককে রঙিন করতে বেছে নিন ব্লাশ। যাদের রঙ ফর্সা ও আন্ডারটোন পিংক, তারা বেছে নিন গোলাপি বা কোরাল শেড। হলুদ আন্ডারটোন ও চাপা রঙ হলে পিচ, টেরাকোটা শেডগুলো বেশি মানাবে। পাউডার ব্লাশঅনের বদলে বেছে নিন ক্রিম ব্লাশ। এখন ‘ব্লাশ ইন রোজ গোল্ড’ বেশ চলছে। বেড়েছে শিমার এবং হাইলাইটিং ব্লাশের ব্যবহার। রিগ্যাল রোজ, মেলন, ট্যানজারিন ট্যাংগো, পাম্পকিন পাই, লাইট চেরি ইত্যাদি ঠিক গাঢ় বা হালকা নয়, এমন অফবিট কালারগুলো স্থান করে নিয়েছে ব্লাশে।
রঙিন চুল
লালের ব্যবহার লেগেছে চুলেও। বিদেশি অনেক গায়ক-গায়িকারা হঠাত্ পুরো চুল লাল করে ফেলছেন তা নয়, তারা চুলের র্যাডিশ টোন ব্যবহার করছেন। কিছু চুল রেড হাইলাইট বা পুরো চুলে আনতে হবে হালকা লালচে ঢেউ। ডিপ ব্ল্যাক নয়, অলমোস্ট ব্ল্যাক, ডিপ চকলেটের ছোঁয়াতেও কখনও কখনও চুল হতে পারে ঝলমলে।
পোশাকের রং
শীতে পোশাকের জন্য পারফেক্ট রঙগুলো হচ্ছে ব্ল্যাক, পিউর হোয়াইট, ডার্ক চারকোল, ডিপ রেড, গ্রিন, ব্লু, বারগ্যান্ডি, আইসি পিঙ্ক ও ব্রাউন ব্ল্যাক। মেকআপের গাঢ় কালারের সঙ্গে পোশাকের কম্বিনেশন যেন ঠিক থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
মডেল বিদ্যা সিনহা মিম
ছবি মোহসীন আহমেদ কাওছার
