নানা বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলছে গোটা সমাজব্যবস্থা। আধুনিক জীবনব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এবং বর্তমান সামাজিক নানা পরিবর্তনের প্রভাবে মানুষের আচরণ, কাজকর্ম, চিন্তাচেতনা, জীবনধারাসহ পুরো সামাজিক কাঠামোতে এসেছে এক ব্যাপক পরিবর্তন। প্রতিদিন বিচিত্র সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এমনকি ব্যক্তিগত ও পারিবারিকজীবনে নানা অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সবাই। এ অবস্থায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মানসিক বিপর্যয়ের শিকার হয়ে অনেকের জীবন হয়ে ওঠে দুর্বিষহ, অশান্ত, অস্থির ও হতাশার গ্লানিতে আচ্ছন্ন। ফলে সুস্থ, সুন্দর ও স্বস্তির জীবন হারিয়ে গন্তব্যহীন পথে যাত্রা করে কেউ কেউ।
সব ধরনের উদ্বেগ, মানসিক বিষাদ ও হতাশা কাটিয়ে উঠে মনের অসীম শক্তিকে কাজে লাগিয়ে রিল্যাক্সেশন টেকনিকস প্রয়োগ করে কীভাবে নিজেকে প্রফুল্ল করে তুলে এক সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলা যায়, তা জানাতে এগিয়ে এসেছে গ্রিন মাইন্ড পার্ক (জিএমপি)। এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আত্মোন্নয়ন ও নিজস্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেনশন, স্ট্রেসসহ সব ধরনের নেতিবাচক মনোভাব কাটিয়ে উঠে নিজের ভিতর লুক্কায়িত স্রস্টাপ্রদত্ত শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর ও স্বস্তিদায়ক জীবনযাপনের দিকনির্দেশনা দেওয়া। প্রতিষ্ঠানটির ট্যাগলাইন—Be Green, Live Better, অর্থাত্ সবুজে অবগাহন করে উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া। গত ১৪ নভেম্বর গুলশানে অবস্থিত সিটি ব্যাংকের নারী ব্যাংকিং ডিভিশন সিটি আলোর সহযোগিতায় গ্রিন মাইন্ড পার্ক চার ঘণ্টারও বেশি সময়ব্যাপী ‘রিল্যাক্সেশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। পুরো কর্মশালাটি পরিচালনা করেন সাপ্তাহিক ‘রোববার’-এর প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক ও দেশের দুটি সেরা ইংরেজিমাধ্যম স্কুলের প্রাক্তন সিনিয়র ফ্যাকাল্টি সাবরিনা হক। বর্তমানে তিনি গ্রিন মাইন্ড পার্কের কর্ণধার হিসেবে কাউন্সিলিং, মেন্টরিং এবং হলিস্টিকস ফেইথ হিলিংয়ের কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা হলেন ড. তামান্না জামশেদ এবং চিফ অপারেটিং অফিসার মেহজাবিন হাসিম। সাবরিনা হক আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সিলভা গ্র্যাজুয়েট ও হলিস্টিক ফেইথ হিলার। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে তিনি বাংলাদেশে সর্বপ্রথম মাইন্ড সায়েন্টিস্ট জোস সিলভা মাইন্ড ট্রেনিং সিস্টেম সম্পর্কিত ডায়ানামিক মেডিটেশন যিনি পরিচিত করেছেন, সেই বহুমুখী প্রতিভার অধিকারী সর্বজন শ্রদ্ধেয় স্যার মাহী কাজীর কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
