যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন হতে পারে না। গণতন্ত্র সব পর্যায়ে দিতেই হবে। সাংবাদিকদেরও গণতান্ত্রিক অধিকার দিতে হবে। সাংবাদিককে ধমক দিয়ে খামোশ করা গণতন্ত্র নয়। সাধারণ মানুষকে কথা বলার অধিকার দিতে হবে এবং ভোটের অধিকার দিতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে যুক্তফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যুক্তফ্রন্টের সমন্বয়ক সরদার শামস আল মামুনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিকল্পধারার যুক্তরাজ্য শাখার নেতা মিছবাহ জামাল কবি নীতিশ সাহা রচিত ‘শহীদের চিঠি’ কবিতাটি আবৃত্তি করেন।
