উজিরপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

উজিরপুর সংবাদদাতা

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের এক ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার উজিরপুর-ধামুরা সড়কের মুলপাইন এলাকার জলিল সন্নামতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যাংক ম্যানেজার আবু জাফর ফরিদপুর জেলার রাজবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আকবর আলির ছেলে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলা শাখা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আবু জাফর গতকাল উজিরপুর-ধামুরা সড়কের মুলপাইন দুটি কেন্দ্রের উত্তোলনকৃত দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ব্যাংকে ফিরছিলেন। পথিমধ্যে ঐ এলাকার জলিল সন্নামতের বাড়ির সামনে এলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে। পরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ম্যানেজারের চিত্কার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। তার বাম হাতের তালুতে গুরুতর জখম হওয়ায় তাকে বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।