পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই নয়াদিল্লি সফরে আলোচনা হবে। গতকাল সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারত সরকারের আমন্ত্রণে ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশেন ডায়ালগে অংশ নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সফর নিয়ে তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে নয়াদিল্লি যাচ্ছি। ইন্ডিয়ান ওশেন ডায়ালগের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে।’ ঢাকা-দিল্লি সম্পর্ক এখন ‘সেনালী অধ্যায়ে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এনআরসিও আলোচনায় আসবে। এ নিয়ে কিছু লোকের আতঙ্ক বা দুশ্চিন্তা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দিল্লি বারবার জোর দিয়ে বলেছে, এটা একান্তই তাদের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই। আমরা সেই অঙ্গীকারে ভরসা রাখতে চাই।’
