সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) পুরনো ঘাঁটি রাক্কায় ঢুকে পড়েছে রাশিয়া বাহিনী। সেখান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর সেই শূন্যস্থান পূরণ করেছে রাশিয়ার সেনারা। রাক্কায় রুশ সেনারা মানবিক ত্রাণ বিতরণ করছে এবং সামরিক ডাক্তাররা অধিবাসীদেরকে চিকিৎসা সহায়তা দিচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত টিভি চ্যানেল জেডভেজদার ফুটেজে স্থানীয় সময় সোমবার দেখা যায়, রাক্কায় রুশ সেনারা সিরিয়ার শিশুদের সঙ্গে হাত মেলাচ্ছে এবং ট্রাক থেকে মানবিক ত্রাণ নামাতে দেখা গেছে। এসময় সেনারা ‘রাশিয়া তোমাদের পাশে আছে’-এমন স্লোগান দিতে শোনা গেছে।
দুই বছর আগে সিরিয়ার এই অঞ্চলে আইএসের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র ও তাদের কুর্দি মিত্রবাহিনী বড় ধরণের জয় পায়। এসময় তারা রাক্কা দখল করে নেয়। কিন্তু গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ সেখান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়া। এর পর দ্রুত ওই জায়গায় অগ্রসর হয় রাশিয়া। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের মিত্র হিসেবে লড়ছে রাশিয়া।
কুর্দিরা তাদের এলাকায় রাশিয়াকে ডেকে এনেছে। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তুরস্কের অভিযান শুরুর আগে ট্রাম্প সেখানে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর রাশিয়াকে সেখানে আমন্ত্রণ জানায় কুর্দিরা।
ইত্তেফাক/এমআর
