দুর্নীতিতে নিমজ্জিত হলে শহীদদের অবমাননা হয় ----- দুদক চেয়ারম্যান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:৪৪

কেউ ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত হলে, তা মহান শহীদদের প্রতি চরম অবমাননা হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে একটি দেশ রেখে গেছেন আজ আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। পরবর্তী প্রজন্ম যাতে আমাদের শ্রদ্ধা করে তাই আসুন, আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক কাঠামো বিনির্মাণে পদ্ধতিগত সংস্কার কাজের ওপর গুরুত্ব দেই। সমাজে সম্পদের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হলে দুর্নীতি অবশ্যই কমাতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এই দিবসটি বিজয়ের আনন্দ এবং স্বজন হারানোর বেদনার মিশ্রণের সমন্বিত রূপ। এ দিবসের তাত্পর্যসমূহ অনুধাবন এবং তা হূদয়ে ধারণ করে কর্মজীবনে অনুশীলন করতে হবে। তিনি বলেন, দুদকের কাজ মূলত মিশনারিদের কাজের অনুরূপ একটি কাজ। এটা কোনো চাকরি নয়। এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের যেমন অন্তর্নিহিত অঙ্গীকারের প্রয়োজন, তেমনি প্রাতিষ্ঠানিক সহমর্মিতা থাকা উচিত। জনগণের প্রতি আমাদের সর্বোচ্চ সহমর্মিতা থাকতে হবে। দেশের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই দুর্নীতিকে গলা টিপে ধরতে হবে। দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ সভায় আরও বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক মো. মনিরুজ্জামান, উপ-পরিচালক মো. তালেবুর রহমান প্রমুখ।