ইবির সিআরসির চতুর্থ বর্ষে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬

  সাজ্জাদ হোসেন

 

‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশুমুক্ত’ স্লোগান সামনে রেখে বাংলাদেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘কাম ফর রোড চাইল্ড’ সংগঠনটির যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানান সামাজকল্যাণমূলক কাজ করে আসছে। ক্যামপাসে ‘কাম ফর রোড চাইল্ড’-এর সংক্ষিপ্ত রূপ ‘সিআরসি’ হিসেবেই বেশি প্রসিদ্ধ। শুরুটা হয়েছিল খুব ছোট্ট পরিসরে, ইবির পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার বেশ কিছু সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আইসক্রিম ভাগাভাগির আনন্দের মধ্য দিয়ে। ২০১৭ সালে উত্তরবঙ্গে সৃষ্ট ভয়াবহ বন্যায় সিরাজগঞ্জ এলাকায় প্রায় ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ ছিল প্রথম বড়ো সফলতা। এটি সম্ভব হয়েছে একদল তরুণের ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন করার মধ্য দিয়ে। এরপর থেকেই নতুন উদ্যমে সেই সব সাহসী শিক্ষার্থীর হাত ধরে চলছে পথশিশুদের মৌলিক অধিকার রক্ষার আন্দোলন এবং তা বাস্তবায়নে নানান মানবিক কার্যক্রম। শিশুশ্রম ও নির্যাতন বন্ধে নানামুখী সভা-সমাবেশ ও মানববন্ধন করে আসছে সংগঠনটি। গত ঈদ উপলক্ষ্যে কেন্দ্রীয় শাখার সঙ্গে যৌথভাবে প্রায় ১ হাজার পথশিশুর মধ্যে বস্ত্র বিতরণ করে। এছাড়া শীতার্তদের উষ্ণ পোশাকের ব্যবস্থা করা ‘কাম ফর রোড চাইল্ড’-এর  নৈমিত্তিক কাজের একটি অংশ। 

উদ্দেশ্যগুলোকে গতিশীল রাখতে এসেছে বেশ কিছু নবীন মুখ। ‘সিআরসি’ চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে মানবসেবায় প্রতিজ্ঞাবদ্ধ এই নতুন সৈনিকেরা। তাই তো ব্যাচ পরে পরিচয় দিচ্ছেন তারা সদা প্রস্তুত স্বেচ্ছাসেবক দল।