সৌরিনের এগিয়ে চলা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০

>>  তাসনুভা সোহা

 

ডানপিটে তরুণ তাওসিফ মুজতাবা সৌরিন। ছোটবেলা কেটেছে চট্টলায়, পড়াশোনা করেছেন চট্টগ্রাম ইস্পাহানীতে! রাজধানীতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পূর্ণ করার লক্ষ্যে। এসেই বুঝতে পেরেছেন ঢাকায় সময়টা কাটে না তার! মায়াভরা চট্টলাকে মিস করতে করতেই একসময় শুরু করলেন কাজিনদের সঙ্গে গানবাজনার আড্ডায় যাওয়া। যেহেতু পড়াশোনার পাশাপাশি তেমন কাজ নেই, সময় দিলেন প্রচুর! জনপ্রিয় মিউজিক স্কুল ‘ব্লু জিন্স ফ্যাক্টরি’তে ২০০৭ থেকেই গিটার আর মিউজিক শেখাচ্ছেন আর অনেক ব্যান্ড করেছেন। তবে ২০১১-এর দিকে নেসক্যাফের ‘গেট সেট রক’-এর মাধ্যমে বেশ আলোচিত হন। নিজের কাছের বন্ধু, জুনিয়রদের নিয়ে শুরু করেছিলেন সময়ের জনপ্রিয় ব্যান্ড দল ‘ব্লু জিন্স’। জনপ্রিয় সব গান রয়েছে সৌরিনের ব্যান্ডের, এরমধ্যে ‘কদম’,  ‘বন্ধু’, ‘আকাশ আঁকা’, ‘মায়া’, ‘তোমার ছায়া’, ‘আজি এ বসন্ত’-এর মতো কিছু ট্র্যাক। বর্তমানে সৌরিনের সহযোগী ড্রামসে সামী, বেইসে রবি, কিবোর্ডে অদিত। আর কম্পোজিশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেকেন্ড ভোকালে সৌরিন নিজেই! তাহসান রহমান খানের সঙ্গে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এ লিড গিটার বাজাচ্ছেন ২০১৪ সাল থেকেই। এছাড়াও জনপ্রিয় ব্যান্ড আর্কেও ছিলেন দুই বছর।

ব্লু জিন্সের প্রথম অ্যালবাম ‘বন্ধু’ ২০১৫ সালে এসেছিল বাম্বেল বি প্রোডাকশন থেকে। এই অ্যালবামের সফলতায় সৌরিন হাত দিয়েছেন দ্বিতীয়টির কাজেও, নামও ঠিকঠাক। ‘পারবে কি?’ শিরোনামে ২০২০ সালেই আসছে। পুরো পথটায় সৌরিনকে সমর্থন দিয়ে গেছেন তার ভক্তরা। তিনি বলেন, ‘আমি খুব সহযোগিতা পেয়েছি তাহসান ভাই, বেইস বাবা সুমন ভাই, প্রয়াত আইয়ুব বাচ্চু ভাই এবং আরো অনেক শুভাকাঙ্ক্ষী থেকেই। আমি এই ভালোবাসার মানুষগুলোর কাছে অনেক ঋণি।’ বাম্বেল বি প্রোডাকশনের এম ডি সৌরিন পরামর্শ দিলেন বেশকিছু তরুণদের জন্য,  যারা আসতে চায় এই ভুবনে নতুন করে, অবশ্যই মাঝপথে হাল ছাড়া যাবে না, সিনিয়রদের থেকে শেখার চেষ্টা থাকা লাগবে আর অবশ্যই পড়াশোনার দিকে নজর দিতে হবে সবচেয়ে গুরুত্বসহকারে। সৌরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে। বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে বাম্বেল বিতে তরুণেরা শিখতে পারবেন অডিও ও ভিডিও সম্পর্কিত বহুবিধ কাজ।

তরুণ যারা সংগীত পেশায় আসতে চায় তাদের জন্য বেশ চ্যালেঞ্জ বলেই মনে করেন সৌরিন। বর্তমান পাইরেসির কারণে সব শিল্পী ইউটিউবকে প্রাধান্য দিয়ে গান গাইতে হচ্ছে বলেই মনে করছেন তিনি। তার অর্জনের মধ্যে রয়েছে একটি বড়ো ব্যাপার, সৌরিন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার সুবাদে প্রতিষ্ঠানটির শুভার্থী এ্যালেক্সের উদ্যোগে গরিব মেধাবী বাচ্চাদের অর্থায়নের কথা নিয়ে পৃথিবীর সাতটি দেশের শিল্পীদের কণ্ঠে থাকছে গান। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সৌরিন এবং তাঁর ব্লু জিন্স। দারুণ কিছু কাজ দিয়ে শ্রোতাদের মনে দাগ কাটতে ইচ্ছুক তিনি।